ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম দেশের ফুটবলে জায়গা করে নিতে এসেছেন ৫ হাজার মাইল দূর থেকে। উইঙ্গার পজিশনে খেলা এই তরুণ ফুটবলার বল নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে বেশ দক্ষ। নেইমারকে আদর্শ মানা এই অ্যাটাকিং মিডফিল্ডার ইংল্যান্ডের সপ্তম ডিভিশনে খেলে নিজের দক্ষতা গড়ে তুলেছেন। এবার তা বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চান।
গত শনিবার শুরু হওয়া বাফুফের ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল’-এর আজ শেষ দিন। এতে ইমানসহ অংশ নিয়েছেন মোট ৪৮ জন ফুটবলার।
ইমান বলেন, “নেইমার আমার প্রিয় ফুটবলার। তাকে দেখে অনেক স্কিল শিখেছি। সেগুলো বাংলাদেশে দেখানোর সুযোগ পেলে দারুণ লাগবে। যেকোনো লেভেলের ম্যাচ হোক, আমি আমার সেরাটা দিতে চেষ্টা করি।”
ইংল্যান্ডের ফুটসাল প্রথম বিভাগ লিগেও খেলেছেন ইমান। ফুটসাল এবং ফুটবলের অভিজ্ঞতা মিলিয়ে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বলেন, “ফুটসাল এবং ফুটবল—দুই জায়গাতেই আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। তবে মূল লক্ষ্য জাতীয় ফুটবল দলে জায়গা পাওয়া।”
ইমানের দেখা হয়েছিল বাংলাদেশের ফুটবল উন্মাদনার অন্যতম মুখ হামজা চৌধুরীর সঙ্গেও। ইংল্যান্ডের একটি টুর্নামেন্টে তারা কথা বলেন এবং ইমান জানান, একদিন হামজার সঙ্গে একসঙ্গে খেলতে চান।
বাংলাদেশের ফুটবলে নিজেকে প্রমাণ করার স্বপ্ন নিয়েই এখন মাঠে নামছেন ইমান আলম।
- স্পোর্টস ডেস্ক


0 মন্তব্যসমূহ