বাংলাদেশ ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানির সব বকেয়া পরিশোধ করেছে। জুন মাসে এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করে বাংলাদেশ, যা এ পর্যন্ত এককালীন সর্বোচ্চ পরিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে।


ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই অর্থ পরিশোধের মাধ্যমে পূর্বের সব বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সব বিষয় মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই। উপরন্তু, বাংলাদেশ আগাম দুই মাসের বিল পরিশোধের জন্য এলসি এবং বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে।


পাওনা সংক্রান্ত কোনো জটিলতা না থাকায় আদানি পাওয়ারকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।


এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করে আসছে।


উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ আমদানির চুক্তি করে। এর আওতায় ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয়ে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে আদানি পাওয়ার। সেখান থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

-zerorumor/national