অনিবার্য কারণে স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাগুলোর নতুন তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একইসাথে প্রকাশ করা হয়েছে সংশোধিত পরীক্ষার রুটিনও।


বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জুলাই ২০২৫ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি নেওয়া হবে ১২ আগস্ট ২০২৫ তারিখে।


১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট ২০২৫ তারিখে।


বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্র’ পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ মূল কেন্দ্র থেকে সকাল ৯টায় প্রশ্নপত্র সংগ্রহ করবেন এবং ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করবেন। পরীক্ষার সকল কাগজপত্রে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড ব্যবহার করতে হবে।


অন্যদিকে, এইচএসসি ব্যবহারিক পরীক্ষা চলবে ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই সব ব্যবহারিক পরীক্ষা শেষ করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নম্বর এন্ট্রি করতে হবে। একইসাথে পরীক্ষার উত্তরপত্র, স্বাক্ষরলিপি এবং প্রয়োজনীয় কাগজপত্র রোল নম্বর অনুযায়ী সাজিয়ে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।


পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, সব শিক্ষার্থীকে সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে প্রস্তু

ত থাকতে হবে।