সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশে বার্সেলোনার স্বীকৃত সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’-এর কাছে।


বুধবার (২৩ জুলাই) চিঠিটি বার্সেলোনা থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকায় পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন ক্লাবটির বোর্ড সদস্য এবং সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ।


চিঠিতে বলা হয়,


> “আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


বিশ্বজুড়ে বার্সেলোনা ভক্তদের কাছে ক্লাবটি যেমন আবেগের নাম, তেমনি বাংলাদেশেও দলটির রয়েছে বিশাল সমর্থকগোষ্ঠী। প্রায় সব বড় অর্জনে দেশের বার্সা ফ্যান ক্লাবগুলো আয়োজন করে নানা অনুষ্ঠানের। সেই সম্মান ও ভালোবাসার প্রতিফলনই যেন মিলল এই মানবিক বার্তায়।


চিঠিতে আরও উল্লেখ করা হয়,


> “এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য কিংবা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব।”


‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’ বার্সেলোনার বাংলাদেশি সমর্থকদের একটি আনুষ্ঠানিক স্বীকৃত সংগঠন। তারা ক্লাবটির ভাবমূর্তি রক্ষার পাশাপাশি দেশে নানা সামাজিক কার্যক্রমেও যুক্ত।


এই শোকবার্তা ক্লাবটির মানবিক ও সামাজিক দায়বদ্ধতারই প্রমাণ বলে মনে করছেন বাংলাদেশি বার্সা ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ উদ্যোগকে অভিনন্দনের সঙ্গে গ্রহণ করেছেন।