নিজ এলাকার কিছু লোকের মৃত্যুর খবর শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এ দৃশ্য দেখা যায়।
এদিন তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
সকাল ১০টা ২৫ মিনিটে মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া পরানো অবস্থায় পলককে আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এ সময় তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।
আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে তাকিয়ে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। একপর্যায়ে তাদের উদ্দেশে তাকিয়েই তিনি অঝোরে কাঁদতে থাকেন।
শুনানি শেষে তাকে ফের হাজতখানায় নেওয়া হয়। তখনও তাকে গভীর শোকগ্রস্ত ও বিমর্ষ দেখা যায়।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “আদালতে এসেই পলক জানতে পারেন, তার নিজ এলাকায় কিছু লোক মারা গেছেন। এই খবরে তিনি খুবই শোকাহত হন এবং আবেগ ধরে রাখতে পারেননি।”


0 মন্তব্যসমূহ