গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে এবং পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন লাবণ্য। এ সময় তার বাবা-মা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর দরজা না খোলায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে লাবণ্য একটি বিষয়ে ফেল করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরবর্তীতে এই চরম সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


0 মন্তব্যসমূহ