উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বন্ধ থাকা পাঠদান কার্যক্রম ধীরে ধীরে চালু হচ্ছে। আগামী রবিবার (২৭ জুলাই) থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সীমিত পরিসরে শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।


মাইলস্টোন স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এক বিবৃতিতে জানান, উদ্ধার কাজ শেষে ধাপে ধাপে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতেই এই উদ্যোগ। অন্যান্য শ্রেণির ক্লাস পর্যায়ক্রমে শুরু হবে।


প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর ভেঙে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।


»জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ১১ জনের, বর্তমানে চিকিৎসাধীন ৪৫ জন।

»সিএমএইচ-এ মৃত্যু হয়েছে ৯ জনের, ভর্তি রয়েছেন ১৫ জন।

»ঢাকার ৯টি হাসপাতালে আরও ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন।


মোট আহত ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআরের কর্মকর্তারা।


দুর্ঘটনার ভয়াবহতায় গোটা দেশ শোকাহত। সরকারি ও বেসরকারি পর্যায়ে চলছে সহায়তা ও ত্রাণ কার্যক্রম।


স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের পাশে থেকে ধৈর্য ও সহানুভূতির সঙ্গে এই কঠিন সময় পার করতে তারা বদ্ধপরিকর।