নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে নতুন করে আরও ৪৬টি নির্বাচনী প্রতীক যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন প্রতীকগুলো যুক্ত হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টিতে। ইতোমধ্যে সম্প্রসারিত এই তালিকাটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের (আইনি যাচাই) জন্য পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনের একাধিক সূত্র জানায়, ইসির প্রতীক সংক্রান্ত কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীকের একটি খসড়া তৈরি করলেও তা থেকে বাছাই করে ১১৫টি প্রতীক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কমিশন। সেই তালিকাটিই এখন যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রয়োজনে মন্ত্রণালয় এ তালিকা থেকে কোনো প্রতীক বাদ দিতে বা নতুন প্রতীক সুপারিশ করতে পারবে।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দিন দিন বাড়ছে, পাশাপাশি নতুন দলগুলোর নিবন্ধনের আবেদনও জমা পড়ছে। বর্তমানে ১৪৭টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতে যেন প্রতীকের সংকট তৈরি না হয়, সেই চিন্তা থেকেই প্রতীকের সংখ্যা বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে প্রস্তাবিত নতুন তালিকা থেকে 'শাপলা' প্রতীকটি বাদ পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা। আগের তালিকায় এটি থাকলেও এবার তা রাখা হয়নি।


চূড়ান্ত তালিকায় যে ১১৫টি প্রতীক রাখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—

আম, আপেল, আনারস, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কাঁঠাল, কুলা, কুড়াল, কুমির, কাস্তে, কাপ-পিরিচ, কোদাল, খেজুর গাছ, গাভী, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘোড়া, ঘণ্টা, ঘুড়ি, চাকা, চেয়ার, চশমা, ছাতা, চাবি, চিংড়ি, জগ, জাহাজ, টেবিল, টেলিভিশন, ট্রাক, ডাব, ঢেঁকি, তবলা, থালা, দাঁড়িপাল্লা, দোয়াত-কলম, ধানের শীষ, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলের মালা, ফ্রিজ, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বালতি, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মাছ, মোবাইল ফোন, মশাল, মিনার, মোড়া, রকেট, রিকশা, লিচু, লাঙ্গল, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাতি, হাতপাখা, হাঁস, হারিকেন ও হেলিকপ্টার।


কমিশন আশা করছে, প্রতীক সংখ্যা বাড়ানোয় ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুষ্ঠুতা আরও জোরদার হবে।