হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই দুই ম্যাচে দেখা যাবে না দুই প্রবাসী ফুটবলার—লিস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোমকে।


জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই সময় ক্লাব কমিটমেন্ট থাকায় এই দুই ফুটবলার নেপালের বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না। লিস্টার সিটির প্রাক-মৌসুম প্রস্তুতিতে আছেন হামজা, অন্যদিকে সেপ্টেম্বরে কাভালরি সিটির হয়ে লিগ ম্যাচ রয়েছে শমিতের।


এদিকে গুঞ্জন রয়েছে, জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ক্যাম্প শুরু করতে পারেন খুব শিগগিরই। এই ক্যাম্পে সুযোগ পেতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষিক্ত হওয়া তরুণ ফাহমিদুল ইসলাম ও বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা কিউবা মিচেল।


তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে, জাতীয় দলের ক্যাম্প কবে থেকে শুরু হবে কিংবা অনূর্ধ্ব-২৩ দল কবে প্রস্তুতি শুরু করবে। এশিয়ান গেমসে কোচের দায়িত্বে ছিলেন হাভিয়ের কাবরেরা। তবে এবার জাতীয় দল ও যুব দলের খেলা একই সময়ে হওয়ায় নতুন কোচ নিয়োগ দিতে হতে পারে বাফুফেকে।

-zerorumor/sports