বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চমাত্রার দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


শনিবার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স’।

সেনাপ্রধান বলেন, “একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন ভালো ও মানবিক মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ দেশের প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে আগে মানুষের ভেতর ভালো মানসিকতা গড়ে তুলতে হবে।”


এ সময় পাঁচটি ভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে পুরস্কৃত করেন তিনি।


সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এতে নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ শক্তি, মহাকাশ প্রযুক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে।


আয়োজকদের মতে, এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গবেষণা ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

-zerorumor/bangladesh