ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। মাত্র ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি সাংবাদিকদের জানান, “আজ জাতির জীবনে একটি বড় ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা এর আগে ঘটেনি। প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে কিংবা তাদের বিদেশে পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না।”

তিনি আরও জানান, “আমরা ছয়জন উপদেষ্টা বার্ন ইউনিটে এসেছি। পাশাপাশি কয়েকজন মাইলস্টোন স্কুল পরিদর্শনে গেছেন। সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আগামীকাল শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার তদন্ত হবে।”

এই দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় দায়িত্বশীল সব সংস্থাকে সম্পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

-zerorumor/bangladesh