Header Ads Widget

Responsive Advertisement

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের জন্য কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত পাঠানো হলো ।

 


রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের সহায়তায় কুমিল্লা থেকে ঢাকায় পাঠানো হয়েছে শত ব্যাগ রক্ত।


সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সে করে এই রক্ত কুমিল্লা থেকে পাঠানো হয় এবং রাত ১১টার দিকে তা পৌঁছে যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউটে।


দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার বিকেল থেকেই রক্ত সংগ্রহের কাজ শুরু হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়ান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।


বাদুড়তলা এলাকার সিটি ব্লাড ব্যাংকে শতাধিক স্বেচ্ছাসেবক রক্তদান করেন। উদ্যোক্তারা জানিয়েছেন, নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


আবুল কাশেম হৃদয় বলেন, “ছোট ছোট বাচ্চাদের দুর্ঘটনায় আহত হওয়ার দৃশ্য দেখে মন স্থির রাখতে পারিনি। তখনই সিদ্ধান্ত নিই কিছু একটা করতে হবে। সঙ্গে সঙ্গে আমিন উর রশিদ ভাইকে ফোন করি, তিনিও সাড়া দেন।”


রক্ত সংগ্রহের পুরো প্রক্রিয়া রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং তা বরফযুক্ত ব্যাগে ঢাকায় পাঠানো হয়।


বিএনপি নেতাও বলেন, “আমি যখন আহত শিশুদের ছবি দেখি, স্থির থাকতে পারিনি। আমাদের এই সামান্য প্রচেষ্টা যেন ওদের সুস্থতায় কাজে লাগে – এই প্রার্থনা করি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।”


এভাবে একটি মানবিক উদ্যোগ দুর্ঘটনায় আহত শিশুদের পাশে দাঁড়ানোর অনন্য নজির হয়ে থাকলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ